মেহেরপুর নিউজ:
মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় তথ্য অধিকার আইন, জনগণের তথ্য পাওয়ার অধিকার এবং সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম, শাকির আহমেদ, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক হাসানুজ্জামান, পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আব্দুর রহিম, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ মাসুদ, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিরাজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষকে আরও সচেতন করা এবং জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা বাড়াতে তথ্যের অবাধ প্রবাহের প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা করা হয়।