মেহেরপুর নিউজ:
মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায় বলেছেন, “জীবনে মানুষের মতো মানুষ হতে হলে আগে লক্ষ্য ঠিক করতে হবে। তুমি কী করবে, কী করতে পারবে—সে বিষয়টি আগে নির্ধারণ করতে হবে।”
তিনি বলেন, জীবনে মানুষের মতো মানুষ হতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। শুধু ঘুমিয়ে স্বপ্ন দেখলে হবে না, জেগে স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করতে হবে।
বুধবার সকালে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শিল্পী রানী রায় এসব কথা বলেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের কাছ থেকে দেশ ও জাতি অনেক কিছু প্রত্যাশা করে। সেই প্রত্যাশা পূরণে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাতেও অবদান রাখতে হবে।”
সংবর্ধনা ও মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেকেন্দার আলী, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাসির উদ্দিন, মাসুদ রানা, মাসুদ আহমেদ, বুলবুলি খাতুন, বাপ্পি সরকার ও শিলা প্রমুখ।
পরে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।