মেহেরপুর নিউজ:
‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুর সদর থানার উদ্যোগে ও সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সদর উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করা হয়। সদর থানার পরিদর্শক মিলন হোসেন উপস্থিত থেকে চ্যাম্পিয়নশিপের সদর উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন করেন।
বুড়িপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বুড়িপোতা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসমাইল হোসেন।
উদ্বোধনের পর অতিথিরা উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন, পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিপ্লব হোসেন, শ্যামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল হোসেন, বারাদি ইউনিয়নের প্রশাসক নাজমুল হোসেন ও প্রশাসনিক কর্মকর্তা আজিমুদ্দিনসহ অন্যান্যরা।
সদর উপজেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় সদর উপজেলার সাতটি ইউনিয়নসহ মোট ৮টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো—মেহেরপুর পৌর একাদশ, বুড়িপোতা ইউনিয়ন, কুতুবপুর ইউনিয়ন, শ্যামপুর ইউনিয়ন, আমঝুপি ইউনিয়ন, বারাদি ইউনিয়ন, আমদহ ইউনিয়ন ও পিরোজপুর ইউনিয়ন।