মেহেরপুর নিউজঃ
“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুর সদর থানার উদ্যোগে ও সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সদর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে আমঝুপি ইউনিয়ন। ফলে তারা জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।
বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আমঝুপি ইউনিয়ন দুইটি লোনাসহ ২৫-৯ পয়েন্টে কুতুবপুর ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলায় বিজয়ী দলের আশিক সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
ফাইনাল খেলা উপভোগ করেন মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির, বুড়িপোতা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসমাইল হোসেন, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা, বুড়িপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিনসহ বিপুলসংখ্যক দর্শক।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।