মেহেরপুর নিউজঃ
“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুর সদর থানার উদ্যোগে ও সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বুড়িপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির, বুড়িপোতা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসমাইল হোসেন, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা, বুড়িপোতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, সাবেক ছাত্রনেতা খালেদ সাইফুল ইসলাম এবং গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহারুল ইসলাম।
অনুষ্ঠানে আয়োজক ও অতিথিরা মাদক ও কিশোর গ্যাং থেকে তরুণ সমাজকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে নিয়মিত খেলাধুলার চর্চার আহ্বান জানান।