মেহেরপুর নিউজ:
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. তোজাম্মেল হোসেন। মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পার্থপ্রতিম শীলের সঞ্চালনায় ‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষায় ৬০ বছর, মর্যাদায় সমুন্নত রাখা এবং আমাদের ভবিষ্যৎ রূপদান’ প্রতিপাদ্যের ওপর বক্তব্য দেন মেহেরপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি ও কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাইল হোসেন, মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক সোলাইমান শেখ এবং সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সদর উপজেলা সভাপতি ও এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস এম শফিকুল ইসলাম মিন্টুসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা, অধিকার এবং শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, একটি জাতির ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের যথাযথ মর্যাদা, পেশাগত নিরাপত্তা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার মাধ্যমে শিক্ষার গুণগত মান আরও উন্নত করা সম্ভব।
এদিকে, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এর আগে একটি র্যালি বের করা হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের নেতৃত্বে র্যালিটি মেহেরপুর পাবলিক লাইব্রেরি চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালিতে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থপ্রতিম শীল, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মুন্সি রাশেদুল হক, মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম, আমঝুপি আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ শরিফুজ্জামান, জেলা শিক্ষক সমিতির সভাপতি ইসরাইল হোসেন, সদর উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, প্রধান শিক্ষক ফিরোজ হোসেন, নুরুল গনিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।