মেহেরপুর নিউজঃ
মেহেরপুর প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের কর্মকর্তা ও কর্মচারীদের কৃতী সন্তানদের মেধা ও কৃতিত্বের স্বীকৃতি হিসেবে মেহেরপুরে বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি-২০২৪ ও ২০২৫ প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
অনুষ্ঠানে পুলিশ সুপার কৃতী শিক্ষার্থীদের সাফল্যের জন্য তাদের ও অভিভাবকদের অভিনন্দন জানান। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতেও পড়াশোনায় ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের জন্য নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান।
উল্লেখ্য, ২০২৪ ও ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫.০০ অর্জনকারী পুলিশ সদস্যদের সন্তানদের মেধা ও কৃতিত্বকে স্বীকৃতি দিতে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয়ভাবে এ মেধাবৃত্তির আয়োজন করে।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আতিকুল হক, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) নাভিদসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।