মেহেরপুর নিউজ:
মেহেরপুরে ট্যাব ডিভাইসের মাধ্যমে ক্যামেল সিগারেটের প্রচার ও বিজ্ঞাপন প্রদানের অভিযোগে জাপান টোব্যাকো কোম্পানির এক প্রতিনিধিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ।
জানা গেছে, জাপান টোব্যাকো কোম্পানির প্রতিনিধি আকাশ ট্যাব ডিভাইসের মাধ্যমে ক্যামেল সিগারেটের প্রচার ও বিজ্ঞাপন প্রদানের সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় মেহেরপুর সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।