মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, আনসার ও ভিডিপি কর্মকর্তা মিরাজুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা, আমদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন আলী টোকন, শ্যামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সনজিদ পাল বাপ্পি ও জয়দেব কুমার প্রমুখ।
সভায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সংশ্লিষ্টদের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবার মেহেরপুর সদর উপজেলায় মোট ১৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে।
পূজামণ্ডপগুলো হলো— শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির, শ্রী শ্রী নায়েববাড়ি রাধামাধব মন্দির, শ্রী শ্রী হরি ভক্তি প্রদায়িনী পূজা মন্দির, শ্রীশ্রী বকুলতলা পূজামন্দির, শ্রীশ্রী হরিজন বালক পূজা মন্দির, গোভীপুর রায়পাড়া দুর্গাপূজা মণ্ডপ, শ্রী শ্রী দাসপাড়া মন্দির, শ্রী শ্রী রাধামাধব মন্দির, শ্রী শ্রী রাধের শ্যাম মন্দির, শ্রী শ্রী রাম মন্দির, বামনপাড়া সার্বজনীন কালী মন্দির, পিরোজপুর বারোয়ারী দুর্গা মন্দির, পিরোজপুর শ্রী শ্রী কালী মাতা মন্দির, দাসপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির ও কালীগাংনী দাসপাড়া কালী মন্দির।