মেহেরপুর নিউজঃ
মেহেরপুর পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে রুকন (সদস্য) ও বাছাইকৃত কর্মীদের নিয়ে শব্বেদারি (নৈশ ইবাদত) প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
সকালে মেহেরপুর জেলা মডেল মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেহেরপুর পৌর জামায়াতের আমির সোহেল রানা ডলারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দীন খান।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা তাজউদ্দীন খান নির্ধারিত বিষয়ের ওপর আলোচনা করেন। তিনি বলেন, বেশি বেশি নৈশ ইবাদতের মাধ্যমে ব্যক্তিজীবনে নৈতিক চরিত্র গঠন করতে হবে এবং নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে প্রস্তুত করতে হবে। তাহাজ্জুদ নামাজের মাধ্যমে গভীর রাতে মহান রবের কাছে নিজেকে নিবেদন করতে হবে। এর মাধ্যমে ঈমানের দৃঢ়তা অর্জন করা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ফিরাতুল ইসলাম নাঈম।
আয়োজকরা জানান, শব্বেদারি প্রোগ্রামে পৌর জামায়াতের রুকন (সদস্য) ও বাছাইকৃত কর্মীরা দারসুল কোরআন, বিষয়ভিত্তিক আলোচনা এবং সারারাত ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে সময় কাটাবেন।