মেহেরপুর নিউজঃ
পুলিশ সদস্যদের আচরণে গাফিলতি কিংবা দুর্নীতির কোনো অভিযোগ বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মেহেরপুরের নবাগত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী বিপিএম। কোনো সদস্যের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। একই সঙ্গে থানাগুলোকে জনসেবার কেন্দ্রে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন পুলিশ সুপার।
রবিবার বিকেলে মেহেরপুরের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, প্রতিটি পুলিশ সদস্যের আচরণ হতে হবে পেশাদার ও জনবান্ধব। সাধারণ মানুষ যেন থানায় এসে হয়রানির শিকার না হন, বরং প্রয়োজনীয় সেবা পান, সে লক্ষ্যে কাজ করা হবে। মেহেরপুরে জনবান্ধব পুলিশ গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
জেলার যানজট পরিস্থিতি নিয়ে তিনি বলেন, পর্যাপ্ত সড়কের অভাব রয়েছে। পার্কিং ও টার্মিনালের সংকটের কারণে বিভিন্ন স্থানে যানবাহনের জটলা দেখা যায়। এসব সমস্যা সমাধানে সতর্কতার সঙ্গে কাজ চলছে। এ ছাড়া মাদক, কিশোর অপরাধসহ বিভিন্ন সমস্যা মোকাবিলায় শিগগিরই দৃশ্যমান পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, জেলায় পুলিশের পাশাপাশি অন্য কোনো বেসরকারি প্রশাসন বা কর্তৃত্ব প্রতিষ্ঠার বিষয়টি মেনে নেওয়া হবে না।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ আতিকুল হক। এ সময় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জামিনুর রহমান খান, মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাহবুবুল হক পোলেন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি বেনিয়ামিন মুক্ত ও সাধারণ সম্পাদক রমিজ আহসান, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, গাংনী প্রেসক্লাবের সভাপতি সিরাজ উদ্দৌলা এবং মুজিবনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শের খানসহ মেহেরপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।