মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার রাজনগরে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ছলেমান (৯) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছলেমান রাজনগর মল্লিকপাড়ার ইসাহাক আলীর ছেলে। সে রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ছলেমান স্কুল থেকে বাড়ি ফেরার পথে সড়ক পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে মেহেরপুরগামী গোল্ডেন লাইন পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-২৪৮৪) একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর এলাকাবাসী মেহেরপুর বাস টার্মিনালে বাসটি আটক করেন। তবে চালক বাসটি টার্মিনালে রেখে পালিয়ে যান।
এদিকে, এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর এলাকায় গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেন। এতে ওই সড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে।