মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় অভিযান চালিয়ে ৪৫টি চায়না দুয়ারি জাল ও ১২টি কারেন্ট জাল উদ্ধার করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। উদ্ধার করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।
মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার গৌরীনগর বড় নাগারবিলে এ অভিযান পরিচালনা করা হয়। মুজিবনগর উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আখিঁর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গৌরীনগর বড় নাগারবিলে চায়না দুয়ারি ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে বিল থেকে ৪৫টি চায়না দুয়ারি জাল ও ১২টি কারেন্ট জাল উদ্ধার করা হয়।
পরে উদ্ধার করা জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানকালে মুজিবনগর উপজেলা মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।