মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর ভৈরব নদের অংশে অভিযান চালিয়ে ৬০টি চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে মনোহরপুর ভৈরব নদের অংশে এ অভিযান চালানো হয়। মেহেরপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আখিঁর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
মনোহরপুর ভৈরব নদের অংশে চায়না দুয়ারী জাল ফেলে মাছ ধরা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে নদ থেকে ৬০টি চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা।
পরে উদ্ধার করা জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় মেহেরপুর সদর উপজেলা মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।