মেহেরপুর নিউজঃ
মেহেরপুরে মহাষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে মেহেরপুর শ্রী শ্রী কালী মন্দিরে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক শিল্পি রানী রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সঞ্জীত পাল বাপ্পির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নৌরীল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের পুরোহিত তপন বন্দ্যোপাধ্যায়। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন গুরু দাস হালদার ও মঙ্গল কুমার।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এ বছর মেহেরপুর জেলার তিন উপজেলায় মোট ৪০টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ১৫টি, মুজিবনগর উপজেলায় ৮টি এবং গাংনী উপজেলায় ১৭টি মণ্ডপ রয়েছে।
সনাতন পঞ্জিকা অনুযায়ী, এবার দেবী দুর্গার মর্ত্যে আগমন ঘোটকে (ঘোড়ায়) এবং গমন নৌকায়। আগামী ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি ঘটবে।
মেহেরপুর সদর উপজেলার ১৫টি পূজামণ্ডপ শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির, শ্রী শ্রী নায়েববাড়ি রাধামাধব মন্দির, শ্রী শ্রী হরিভক্তি প্রদায়িনী পূজামন্দির, শ্রী শ্রী বকুলতলা পূজামন্দির, শ্রী শ্রী হরিজন বালক পূজামন্দির, গোভীপুর রায়পাড়া দুর্গাপূজামণ্ডপ, শ্রী শ্রী দাসপাড়া মন্দির, শ্রী শ্রী রাধামাধব মন্দির, শ্রী শ্রী রাধের শ্যাম মন্দির, শ্রী শ্রী রাম মন্দির, বামনপাড়া সার্বজনীন কালী মন্দির, পিরোজপুর বারোয়ারি দুর্গা মন্দির, পিরোজপুর শ্রী শ্রী কালীমাতা মন্দির, দাসপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির ও কালীগাংনী দাসপাড়া কালী মন্দির।
মুজিবনগর উপজেলার ৮টি পূজামণ্ডপ, মহাজনপুর সার্বজনীন দুর্গা মন্দির, বাবুপুর সর্বদলীয় দুর্গা মন্দির, কোমরপুর সার্বজনীন দুর্গা মন্দির, মোনাখালী পূজামণ্ডপ, রতনপুর দাসপাড়া পূজামণ্ডপ, বল্লভপুর পূজামণ্ডপ, দারিয়াপুর ও খানপুর শ্রী শ্রী কালীমাতা মন্দির ও বিশ্বনাথপুর শারদীয়া দুর্গা মন্দির।
গাংনী উপজেলার ১৭টি পূজামণ্ডপ, গাংনী কেন্দ্রীয় মন্দির, চৌগাছা দাসপাড়া কালী মন্দির, গাড়াডোব দাসপাড়া কালী মন্দির, কচইখালী যোগিন্দা দুর্গা মন্দির, চাঁদপুর দাসপাড়া কালী মন্দির, আমতৈল দাসপাড়া কালী মন্দির, যোলটাকা কর্মকারপাড়া দুর্গা মন্দির, যোলটাকা দাসপাড়া কালী মন্দির, মটমুড়া হালদারপাড়া কালী মন্দির, বাউট দাসপাড়া কালী মন্দির, মোহাম্মদপুর দাসপাড়া কালী মন্দির, বেতবাড়িয়া দাসপাড়া কালী মন্দির, বামুন্দি কোলপাড়া কালী মন্দির, ভোমরদা দাসপাড়া কালী মন্দির, ভোলাডাঙ্গা দাসপাড়া কালী মন্দির, রায়পুর দাসপাড়া কালী মন্দির ও গাংনী কেন্দ্রীয় রাম মন্দির।