মেহেরপুর নিউজঃ
মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজ উদ্দিন খান বলেছেন, “২০১৮ সালে রাতের অন্ধকারে নির্বাচন দিয়ে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের রাস্তায় দাঁড়াতে দেয়নি। ওই নির্বাচন বিশ্বের কাছে ধিকৃত হয়েছে। ২০২৪ সালের নির্বাচনে আমি আর মামু, ডামি নিয়ে খেলা করলেন, এ জাতি বুঝে গিয়েছিল ৪১ সাল পর্যন্ত তাদের দিয়ে দিলাম। আর কিছু করার নেই। কিন্তু আল্লাহর একটা লাল দাগ দেওয়া আছে, এই লাল দাগকে কখনো কেউ ক্রস করতে পারে না।”
তিনি আরও বলেন, “এই স্বৈরাচার, এই জুলুমবাজ, এই ফ্যাসিবাদ সরকার সেই লাল দাগ ক্রস করতে পারেনি।”
বুধবার বিকেলে মেহেরপুর শহরের কোর্ট এলাকায় ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হুসাইন ও রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন।
সমাবেশ শেষে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হুসাইনের নেতৃত্বে মিছিলটি কোর্ট এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ শামসুদ্দোহা নগর উদ্যানে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, সদর উপজেলা আমির সোহেল রানা, পৌর আমির সোহেল রানা ডলার, উপজেলা সেক্রেটারি জাব্বারুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি আব্দুর রউফ মুকুল, জেলা ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেন এবং জামায়াতে ইসলামীর নেতা আজমাইন হোসেন ও আবুল হোসেনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।