মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলার রসিকপুর গ্রামে ভূমিদস্যু, সন্ত্রাসী, চাঁদাবাজ, অস্ত্রধারী ও মাদক কারবারীদের বিরুদ্ধে সচেতন নাগরিকদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে রসিকপুর গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মোনাখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সুরুজ আলী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আসাদুল হক এবং মোনাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সৌরভ খান তোতা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, “দীর্ঘ ১৭ বছর দলের জন্য কাজ করেছি, নির্যাতিত হয়েছি। আমাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে, হামলার শিকারও হয়েছি। কিন্তু দল আজ ক্ষমতায় আসার পর যারা আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, তারাই এখন আবার আমাদের ওপর হামলা চালাচ্ছে।”
বক্তারা আরও বলেন, এলাকায় ভূমি দখল, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তাঁরা।