মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলার সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে পুলিশের কার্যক্রম ও তৎপরতা পর্যবেক্ষণের লক্ষ্যে সদর ও গাংনী উপজেলার দুটি পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, বিপিএম।
বুধবার দুপুরের দিকে তিনি মেহেরপুর সদর উপজেলার বৈকুণ্ঠপুর পুলিশ ক্যাম্প ও গাংনী উপজেলার ধলা পুলিশ ক্যাম্প সরেজমিনে পরিদর্শন করেন।
আকস্মিক পরিদর্শনকালে পুলিশ সুপার ক্যাম্পে কর্মরত পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, মেস ব্যবস্থাপনা, ডিউটি প্ল্যানসহ বিভিন্ন সুযোগ-সুবিধা ও বিদ্যমান সমস্যাগুলো ঘুরে দেখেন। এ সময় ক্যাম্পের শৃঙ্খলা ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে উপস্থিত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আতিকুল হক এবং মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির পুলিশ সুপারের সঙ্গে উপস্থিত ছিলেন।