মেহেরপুর নিউজঃ
আগামী ৫ থেকে ৭ নভেম্বর মেহেরপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য ইজতেমার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মেহেরপুর পুলিশ লাইনসের ড্রিলশেড মিলনায়তনে এ বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
ব্রিফিং প্যারেডে ইজতেমাকে সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়।
ইজতেমায় আগত ধর্মপ্রাণ মুসল্লিদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, বিপিএম, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের ইজতেমা ময়দান ও এর আশপাশের এলাকার নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেন।
এ সময় মুসল্লিদের যাতায়াত ও ট্রাফিক ব্যবস্থাপনা, পকেটমার ও ছিনতাইকারী চক্রের তৎপরতা প্রতিরোধ, ইজতেমায় আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তা এবং নির্বিঘ্নে ইবাদত-বন্দেগি নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যদের করণীয় সম্পর্কেও স্পষ্ট নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।
এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।