মেহেরপুর নিউজঃ
ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড মেহেরপুরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় যুব উন্নয়ন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সপ্তম ব্যাচ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণের প্রথম ব্যাচের প্রশিক্ষণার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খালিদ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এস এম ওবাইদুল বাশার।
অনুষ্ঠানে বক্তব্য দেন প্রশিক্ষক আমিনুল ইসলাম। পরে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
এ সময় প্রশিক্ষণার্থীরা তাদের প্রশিক্ষণকালীন অভিজ্ঞতা ও ভবিষ্যৎ কর্মজীবনে অর্জিত দক্ষতা কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন।