মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামবাসীর উদ্যোগে যাদবপুর মাঠে অনুষ্ঠিত মেম্বার কাপ ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিয়েছে মা স্টোর। বুধবার বিকেলে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারিত সময় ও টাইব্রেকারে সমতা থাকায় শেষ পর্যন্ত লটারির মাধ্যমে জয়ী হয়ে ফাইনাল নিশ্চিত করে দলটি।
মা স্টোর ও বিপুল মোবাইল সার্ভিসিং সেন্টারের মধ্যকার সেমিফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে অমীমাংসিত থাকে। প্রথমার্ধে বিপুল মোবাইল সার্ভিসিং সেন্টারের পক্ষে মিলন গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে মা স্টোরের নাঈম গোল করে খেলায় সমতা ফেরান। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচটি গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে দুই দলই ১১টি করে শট নেয়। এতেও ৬-৬ গোলে সমতা থাকায় শেষ পর্যন্ত লটারির মাধ্যমে ম্যাচের ফলাফল নির্ধারণ করা হয়। এতে ভাগ্যের সহায়তায় ফাইনালে ওঠে মা স্টোর। অন্যদিকে ভালো খেলেও লটারির ভাগ্যে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় বিপুল মোবাইল সার্ভিসিং সেন্টারকে।
খেলায় বিজয়ী দলের গোলরক্ষক সাইফ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। মেহেরপুর সজিব স্পোর্টসের পক্ষ থেকে তাকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার প্রদান করা হয়। খেলা শেষে ইউপি সদস্য আলমগীর হোসেন লালটু তার হাতে পুরস্কার তুলে দেন।