মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের গাংনীতে ভুল বিকাশ নম্বরে চলে যাওয়া ৮০ হাজার টাকা দীর্ঘ সাত মাস পর উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। অসুস্থ সন্তানের চিকিৎসার জন্য প্রবাস থেকে পাঠানো এই টাকা ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে রুবিনা খাতুনের পরিবারে। পুলিশের এমন মানবিক উদ্যোগে প্রশংসা করেছেন স্থানীয়রা।
চলতি বছরের ৭ এপ্রিল অসুস্থ সন্তানের চিকিৎসার জন্য প্রবাস থেকে পরিবারের কাছে ৮০ হাজার টাকা পাঠান রুবিনা খাতুনের স্বজনরা। তবে অসাবধানতাবশত টাকাটি চলে যায় অন্য একটি বিকাশ নম্বরে। নম্বরটি ছিল হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকার এক নারীর। একাধিকবার যোগাযোগ করেও টাকা ফেরত না পেয়ে অবশেষে গাংনী থানা পুলিশের শরণাপন্ন হন রুবিনা খাতুন।
এরপর দীর্ঘ সাত মাস ধরে চলে টাকা উদ্ধারের চেষ্টা। একপর্যায়ে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আদালতের শরণাপন্ন হয় পুলিশ। অবশেষে উদ্ধার করা সম্ভব হয় পুরো ৮০ হাজার টাকা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহদ্দিদ মোর্শেদ চৌধুরী নিজে রুবিনা খাতুনের বাড়িতে গিয়ে উদ্ধার করা টাকা তাঁর হাতে তুলে দেন। দীর্ঘদিন পর হারানো টাকা ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রুবিনা খাতুন।
রুবিনা খাতুন জানান, দীর্ঘদিন টাকা ফেরত না পেয়ে প্রায় আশাই ছেড়ে দিয়েছিলেন তাঁরা। হঠাৎ থানা থেকে ফোন করে টাকা উদ্ধারের খবর জানানো হয়। পরে পুলিশ বাড়িতে এসে টাকা পৌঁছে দিলে তিনি অত্যন্ত আনন্দিত হন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অমিত দেবনাথ জানান, হারানো টাকাটি হবিগঞ্জের একটি প্রত্যন্ত এলাকায় চলে গিয়েছিল। পরে আদালতের শরণাপন্ন হয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা উদ্ধার করা সম্ভব হয়।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, দালাল ও প্রতারকমুক্ত থানা গড়তে পুলিশ কাজ করছে। এরই ধারাবাহিকতায় অসহায় পরিবারটির কাছ থেকে কোনো খরচ না নিয়েই হারানো টাকা উদ্ধার করে ফেরত দেওয়া হয়েছে।