মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার রাজনগর পাবলিক ক্লাবের উদ্যোগে রাজনগর বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মরহুম নাহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাধাকান্তপুর একাদশ।
শুক্রবার বিকেলে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় রাধাকান্তপুর একাদশ টাইব্রেকারে ৪-১ গোলে ভবানীপুর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্যভাবে শেষ হওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নিতে হয়।
টাইব্রেকারে রাধাকান্তপুর একাদশের পক্ষে কিরণ, মাহফুজ, শামীম ও লালন একটি করে গোল করেন। অন্যদিকে ভবানীপুর একাদশের পক্ষে একমাত্র গোলটি করেন তারেক।
খেলায় শামীম ম্যান অব দ্য ম্যাচ, শোভন ম্যান অব দ্য টুর্নামেন্ট এবং সাব্বির সেরা গোলরক্ষকের পুরস্কার লাভ করেন।
খেলা শেষে বিজয়ী ও কৃতী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সাবেক ইউপি সদস্য আলীহিম, সাহাবুল ইসলাম, আরজুল্লা বাবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।