মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর উত্তরপাড়া গ্রাম থেকে তিনটি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) ভোর ৫টার দিকে গ্রামের তিনটি পৃথক স্থান থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ককটেল সাদৃশ্য বস্তুর সঙ্গে সাদা কাগজে ‘জয় বাংলা’ স্লোগান লেখা চিরকুট পাওয়া গেছে।
জানা গেছে, গোভীপুর উত্তরপাড়া গ্রামের মোজাহার হোসেনের ছেলে খোকনের বাড়ির পাশে একটি, আবুল কাশেমের ছেলে রুহুল আমীনের বাড়ির পাশে একটি এবং আয়োব নবীর ছেলে মিজানুর রহমানের বাড়ির পাশে একটি ককটেল সাদৃশ্য বস্তু পড়ে ছিল।
বুধবার ভোর ৫টার দিকে খোকন তাঁর বাড়ির পাশে লাল কসটেপ দিয়ে মোড়ানো একটি ককটেল সাদৃশ্য বস্তু দেখতে পান। পরে তিনি প্রথমে স্থানীয় লোকজনকে এবং এরপর পুলিশকে খবর দেন। স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে আশপাশে আরও দুটি ককটেল সাদৃশ্য বস্তু দেখতে পান।
খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তিনটি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করে।
উল্লেখ্য, বস্তুগুলো ককটেল কি না, তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।