মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি কলেজ মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টাকালে ইব্রাহিম ইসলাম ওরফে আকাশ ও আলী কদর ওরফে শাওন নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। আটক ইব্রাহিম ইসলাম ওরফে আকাশ মেহেরপুর শহরের গোরস্থানপাড়ার মিয়ারুল ইসলামের ছেলে। অপরদিকে আলী কদর ওরফে শাওন শিশু বাগানপাড়ার বাবু বিশ্বাসের ছেলে।
পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ নভেম্বর রাত আনুমানিক ৮টা ৫ মিনিটের দিকে মেহেরপুর সরকারি কলেজ মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা চালায় কয়েকজন দুর্বৃত্ত।
এ সময় দুর্বৃত্তরা সরকারি কলেজের সীমানাপ্রাচীরের ভেতর থেকে পেট্রোলভর্তি বোতলে কাপড় পেঁচিয়ে তাতে আগুন ধরিয়ে স্মৃতিস্তম্ভ লক্ষ্য করে নিক্ষেপ করে। তবে বোতলটি লক্ষ্যভ্রষ্ট হয়ে স্মৃতিস্তম্ভের পাশে গিয়ে পড়ে।
ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করে দুই যুবককে আটক করেন।