মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত নতুন কুঁড়ি সিজন-২-এর সদর উপজেলা পর্যায়ের দাবা প্রতিযোগিতায় বালিকা বিভাগে নীলিমা চৌধুরী এবং বালক বিভাগে অর্ঘ কর্মকার চ্যাম্পিয়ন হয়েছে। এর মাধ্যমে তারা জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।
শুক্রবার সকালে মেহেরপুর স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বালিকা বিভাগের প্রতিযোগিতায় মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থী নীলিমা চৌধুরী ওয়াকওভার পেয়ে সদর উপজেলা পর্যায়ের চ্যাম্পিয়ন হয়। অন্য কোনো ইউনিয়নের প্রতিযোগী অংশগ্রহণ না করায় তাকে ওয়াকওভার দেওয়া হয়।
অন্যদিকে, বালক বিভাগের ফাইনাল খেলায় মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অর্ঘ কর্মকার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের আদনান রহমানকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এর আগে সেমিফাইনালে অর্ঘ কর্মকার হারুনুর রশিদকে এবং আদনান রহমান আলিফ উদ্দিনকে পরাজিত করে ফাইনালে ওঠে।