মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, ইয়াবা ও মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) পরিচালিত পৃথক অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে ৪৭ বিজিবির অধীন রংমহল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার খাসমহল স্থানে অভিযান চালানো হয়। এ সময় রাসেল হোসেন (২৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটক রাসেল গাংনী উপজেলার খাসমহল গ্রামের জিল্লুর রহমানের ছেলে। তার কাছ থেকে ভারতীয় ১ বোতল ফেনসিডিল ও ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৬ হাজার ৪০০ টাকা।
অন্যদিকে, একই রাতে আনুমানিক ১১টার দিকে ৪৭ বিজিবির অধীন গাংনীর ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ধলার মাঠ নামক স্থানে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি সদস্যরা। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৪৫ হাজার টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আটক ব্যক্তি ও উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে বিধি অনুযায়ী আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক পাঁচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।