মেহেরপুর নিউজঃ
মেহেরপুরে অবৈধভাবে কাঠ পোড়ানোর দায়ে একটি ইটভাটার মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার রাজাপুর-বারাকপুর এলাকায় চঞ্চলের ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইটভাটায় অবৈধভাবে কাঠ পোড়ানোর অভিযোগে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর সংশোধিত ২০১৯ সালের ৬(৩) ধারায় ভাটা মালিক চঞ্চলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযান চলাকালে মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদীসহ পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।