মেহেরপুর নিউজ:
মেহেরপুর প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার সকালে মেহেরপুরের যাদবপুর এলাকায় ভৈরব নদের তীরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শওকত আরা আক্তার উর্মি। তিনি বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন এবং ভৈরব নদের তীরে তালগাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান এবং মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেন ইয়ামিন মুক্ত।
বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
পরে উপস্থিত অতিথিরা বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন এবং ভৈরব নদের তীরসহ নির্ধারিত স্থানে বৃক্ষরোপণ করেন।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা এবং স্থানীয় সাংবাদিকরা।
পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।