তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে উপজেলা মৎস্য অফিসের মাধ্যমে সিআইজি গ্রুপের মাঝে মৎস্য খাবার, নগদ অর্থ ও সাইনবোর্ড বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলা মৎস্য অফিস থেকে সিআইজি গ্রুপের মাঝে এ মৎস্য উপকরণ বিতরণ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা (অ: দা:) রবিউল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য উপকরণ বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। তিনি তিনটি সিআইজি গ্রুপের মাঝে মৎস্য উপকরণ বিতরণ করেন।
পরে সকাল সাড়ে ১০ টার দিকে ৭৪ মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিআইজি গ্রুপের মাঝে মৎস্য উপকরণ, নগদ অর্থ ও সাইনবোর্ড বিতরণ করেন।
এ সময় প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি বলেন কৃষি খাতকে সমৃদ্ধ করার জন্য সরকার ভর্তুকি দিয়ে বিভিন্ন কৃষি উপকরণ কৃষকের হাতে তুলে দিচ্ছেন।সেই সাথে এ উপজেলা মৎস্য সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে মৎস্য চাষীদের এ উপকরণ দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধুবাদ জানান তিনি।
প্রত্যেক সিআইজি গ্রুপে ১০ বস্তা (প্রতিটি বস্তা ২৫ কেজি) মাছের খাবার, নগদ অর্থ ৬ হাজার টাকা এবং একটি করে সাইনবোর্ড দেওয়া হয়। এ সময় এমপি সাহেবের একান্ত সহকারী মুক্তারুল ইসলাম, মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন গ্রাম হতে আসা সিআইজি গ্রুপের সভাপতি/সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।