তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে ৬৩৯ বোতল ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার হাড়াভাঙ্গা সেন্টারপাড়া থেকে অভিযানে ড্রাম ট্রাক ও মাদকসহ ৩ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলো- উপজেলার ছাতিয়ান হাওড়াপাড়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে রানা (২০), কাজিপুর বুড়িপোতা পাড়ার মিয়াজি’র ছেলে দুঃখু মিয়া (২০) ও ছাতিয়ান ঈদগাহ পাড়ার ছায়েদ আলীর ছেলে ছাব্বির হোসেন (১৯)।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, হাড়াভাঙ্গা সেন্টারপাড়া হতে বালু ভর্তি একটি ড্রাম ট্রাকে করে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের এস আই হাবিবুর রহমান ও এস আই হকসহ সঙ্গীয় ফোর্স ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে বালু ভর্তি ড্রাম ট্রাক ও তিনজনকে আটক করা হয়। পরে ড্রাম ট্রাকের বালুর মধ্যে থেকে ৬৩৯ বোতল ফেন্সিডিল ৪ কেজি গাঁজাসহ বালু ভতি ড্রাম ট্রাকটি জব্দ করা হয়। আজ বুধবার আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।