তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীর খড়মপুর গ্রামে বিধবা হাজেরা খাতুনের মামলায় সমাজপতি আসাদুল ইসলামকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।
সোমবার বিকাল ৪ টার দিকে উপজেলার ধানখোলা বাজার থেকে তাকে গ্রেফতার করে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আব্দুল হান্নান। আসাদুল ইসলাম খড়মপুর গ্রামের আঃ হান্নানের ছেলে। মামলার তদন্তকারী আব্দুল হান্নান জানান, বিধবা হাজেরা খাতুনকে খড়মপুর গ্রামের সমাজপতি আসাদুল ইসলাম জরিমানা করা এবং সমাজচ্যুত করাসহ আরো অন্যান্য অভিযোগ তুলে মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে উক্ত মামলায় আসামি আসাদুল ইসলামকে ধানখোলা বাজার থেকে গ্রেফতার করা হয়।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, বিধবা মহিলা গাংনী থানায় ৪ জন সমাজপতিকে আসামী করে মামলা দায়ের করেছে। যার মামলা নং-১৪, তাং-২১-০৪-২০ ইং। উক্ত মামলায় আসাদুল নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।