মেহেরপুর নিউজ:
মাদক সেবনের অভিযোগে জাহিদুল ইসলাম নামের এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড ও ১শ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে ১৫ দিনের জেল ও ১শ টাকা জরিমানা আদায় করা হয়।
আটক জাহিদুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার আলমপুর গ্রামের দীন মোহাম্মদ এর ছেলে। মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এর আগে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদক বিরোধী অভিযান চালিয়ে শহরের কলেজ মোড় এলাকা থেকে গাঁজা সেবন করার সময় জাহিদুলকে আটক করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে সাজা দেওয়া হয়।