মেহেরপুর নিউজ:
মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বয়ে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজ।
মেহেরপুর জেলা প্রশাসন ও বিআরটিএ এর উদ্যোগ অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিআরটিএ এর ইন্সপেক্টর মোঃ জিয়াউল হক, পুলিশ পরিদর্শক মোঃ বজলুর রহমান, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক, সহকারী প্রধান শিক্ষক মোঃ সেকেন্দার আলী, সিনিয়র শিক্ষক মোঃ হাসান ফেরদৌস, মেহেরপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোঃ আশিক রাব্বি। বিআরটিএ অফিস সহায়ক আবুল কালাম আজাদ প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, চালকদের অদক্ষতা ও অসচেতনতার কারণে প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনা। তাই সড়ক দুর্ঘটনা রোধে চলাচলের পদ নিরাপদ করতে নিজেদের আগে সচেতন হতে হবে। মানতে হবে ট্রাফিক আইন৷ জনসচেতনতা বৃদ্ধি করতে প্রশিক্ষণ ও প্রচারণা বাড়াতে হবে। প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত সন্তানদের বাইক কিনে দেওয়ার ক্ষেত্রে অভিভাবকদের সচেতন থাকতে হবে। এছাড়াও সড়কের বিভিন্ন সমস্যা তুলে ধরেন বক্তারা । পাশাপাশি তারা এর সম্ভাব্য বিভিন্ন সমাধানের বিষয়ে আলোকপাত করেন। জেলার বিভিন্ন স্থানে যানজট ও এর কারণ এবং নিরসন নিয়েও বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
দিবসটির এবারের প্রতিপাদ্য “ছাত্র জনতার অঙ্গিকার, নিরাপদ সড়ক হোক সবার”। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করানো হয়।