মেহেরপুর নিউজ
২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফলের লক্ষ্যে মেহেরপুর জেলায় মডেল টেস্ট পরীক্ষার আয়োজন করা হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের উদ্যোগে এ মডেল টেস্ট অনুষ্ঠিত হচ্ছে।
শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা শেষ করার অভ্যাস তৈরি, পরীক্ষাভীতি ও জড়তা দূর করা, নিজেদের দুর্বলতা চিহ্নিত করা, প্রস্তুতির ঘাটতি বুঝতে পারা, লেখার গতি ও দক্ষতা বৃদ্ধি এবং সঠিক উত্তর দেওয়ার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এ মডেল টেস্টের আয়োজন করা হয়েছে।
মেহেরপুর জেলার তিনটি উপজেলার ১১টি কেন্দ্রে মোট ৫ হাজার ৬০০ শিক্ষার্থী এ মডেল টেস্টে অংশ নিচ্ছে। ইংরেজি ও গণিত বিষয়ে পরীক্ষা চলাকালে শনিবার জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে জেলা প্রশাসক শিল্পী রানী রায় বলেন, “এসএসসি পরীক্ষায় ভালো প্রস্তুতি নিশ্চিত করার জন্যই আমরা এ পরীক্ষা নিচ্ছি। এর মূল উদ্দেশ্য হলো পরীক্ষার্থীদের কোথায় ঘাটতি রয়েছে, তা যেন তারা বুঝতে পারে।”
তিনি আরও বলেন, “এসএসসি পরীক্ষার খাতা যেভাবে মূল্যায়নের জন্য প্রস্তুত করা হয়, সেভাবেই মডেল টেস্টের মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুত করা হচ্ছে। যাতে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে গিয়ে তাদের কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয়।”
এ সময় জেলা প্রশাসকের সঙ্গে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নৌরীন ইসলাম, মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেকেন্দার আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।