মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে এক গৃহবধূকে গর্ভপাত করিয়ে অজ্ঞাত স্থানে রেখে আসার অভিযোগে আশিক (২১) নামে এক যুবককে আটক করেছে এলাকাবাসী।
আশিক বুড়িপোতা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি। বুধবার বিকেলে বুড়িপোতা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
স্থানীয়দের দাবি, আশিকের সঙ্গে একই গ্রামের রহিদুল ইসলামের স্ত্রী ও এক সন্তানের জননী শাবানা (২১)-এর সম্পর্ক গড়ে ওঠে। এর জের ধরে মঙ্গলবার বিকেলে শাবানাকে নিয়ে আশিক গ্রামের বাইরে চলে যান। পরে শাবানাকে ঝিনাইদহে রেখে আশিক একাই গ্রামে ফিরে আসেন বলে স্থানীয়রা জানান।
বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী আশিককে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি শাবানাকে ঝিনাইদহে রেখে আসার কথা জানান বলে স্থানীয়রা দাবি করেন।
আশিকের দাবি, শাবানা তাকে গর্ভপাতের ওষুধ কিনে দিতে বলেন এবং এ জন্য তাকে ১ হাজার ২০০ টাকা দেন। পরে ওই ওষুধ সেবনের পর শাবানার গর্ভপাত হয় বলে তিনি জানান।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বলে স্থানীয়রা জানান।