মেহেরপুর নিউজ:
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
বুধবার বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিন্টুর নেতৃত্বে শহরের বড়বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূমি অফিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিন্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম।
মিছিলে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাবেদ মাসুদ মিল্টন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক এনান উদ্দিন মনা ও সাংগঠনিক সম্পাদক রোমান আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।