মেহেরপুর নিউজ:
‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদ চত্বরে সদর থানার উদ্যোগে ও বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এ চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করা হয়।
সদর থানার সেকেন্ড অফিসার রাশিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। বুড়িপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বুড়িপোতা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসমাইল হোসেন, বিএনপি নেতা রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল ইসলাম সেন্টু বিশ্বাস, যুবদলের সভাপতি মাজহারুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান বকুল প্রমুখ।
আয়োজকরা জানান, মাদক ও কিশোর গ্যাং থেকে তরুণদের দূরে রাখা এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ-সবল জীবন গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।