মেহেরপুর নিউজঃ
দেশবিরোধী ষড়যন্ত্র এবং পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
শনিবার বিকেলে মেহেরপুর শহরের কোট মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। এ ছাড়া বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির ও জেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান।
সমাবেশে বক্তারা দেশবিরোধী ষড়যন্ত্র এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
পরে মাসুদ অরুনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।