মেহেরপুর নিউজঃ
“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুর সদর থানার উদ্যোগে ও সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় আয়োজিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উপজেলা পর্যায়ের ফাইনালে উঠেছে কুতুবপুর ইউনিয়ন ও আমঝুপি ইউনিয়ন।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে কুতুবপুর ইউনিয়ন ৪টি লোনা ও ৩৮-১৬ পয়েন্টে বুড়িপোতা ইউনিয়নকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।
একই মাঠে অনুষ্ঠিত দিনের অপর সেমিফাইনালে আমঝুপি ইউনিয়ন ২টি লোনা ও ৩৭-৩১ পয়েন্টে আমদহ ইউনিয়নকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়।
এর আগে মেহেরপুর সদর থানার এসআই আবুল খায়ের উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।
খেলা দেখতে উপস্থিত ছিলেন বুড়িপোতা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসমাইল হোসেন, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন, বুড়িপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।