মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায় বলেছেন, কৃষকদের মধ্যে সারের সংকট নিয়ে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, আগামী মৌসুমে আরও বেশি সারের প্রয়োজন হবে। কৃষকরা যাতে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সার সংগ্রহ করতে না পারেন, সে বিষয়টি বিশেষভাবে নজরদারি করতে হবে।
তিনি আরও বলেন, খুচরা সার ব্যবসায়ীদের কাছ থেকে কৃষকরা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার কিনছেন কি না, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। অন্যথায় কৃষকদের উৎপাদন খরচ আরও বেড়ে যাবে।
বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার উপসহকারী কৃষি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী শাহনেওয়াজ, অতিরিক্ত উপপরিচালক সঞ্জীব কুমার গোস্বামী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ইমদাদুল হাসান, মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমেন, গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত অধিকারী ও রফিকুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মিজানুর রহমান ও এস এম আবু সালেহসহ উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় আশরাফুল আলম, এস এম কুতুবুদ্দিন, তরিকুল ইসলাম, শওকত ওসমান, খসরু আলম, হাসানুজ্জামান, ইমান আলী, একলাস উদ্দিন, হেলাল উদ্দিন, কামরুল ইসলাম, চায়না পারভিন, মাহমুদা পারভীন, তাহেরা ফেরদৌস, মমতাজ শিরিন, বুলবুল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।