মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়া আশ্রয়ণ প্রকল্প এবং তেরঘরিয়া আশ্রয়ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। বুধবার (১১ নভেম্বর) সকালে তিনি এসব স্থান পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন। এ সময় তিনি বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরে জেলা প্রশাসক আশ্রয়ণ প্রকল্পের কয়েকটি ঘর পরিদর্শন করেন। এ সময় দুইজন অন্তঃসত্ত্বা নারীসহ প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আব্দুস সাত্তার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুকুমার মিত্র প্রমুখ উপস্থিত ছিলেন।