মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন রুহুল কুদ্দুস। তিনি মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল কুদ্দুস খুলনা জেলার পাইকগাছা উপজেলার আলতলা গ্রামের বাসিন্দা। তিনি ২০০৫ সালে লক্ষীখোলা কলেজিয়েট স্কুল থেকে এসএসসি, ২০০৭ সালে খুলনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি, ২০১৩ সালে পটুয়াখালী থেকে স্নাতক (সম্মান) এবং ২০১৪ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
২০১৪ সালের ডিসেম্বর মাসে পূবালী ব্যাংকে চাকরির মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেন। এরপর রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার এবং পর্যায়ক্রমে তৎকালীন বিভিন্ন কর্মস্থলে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।
২০২৩ সালের দিকে তিনি পাবলিক পলিসি বিষয়ে জাপানে প্রায় আড়াই বছর প্রশিক্ষণ গ্রহণ করেন।
এক সন্তানের জনক রুহুল কুদ্দুস মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পর বলেন, “হয়রানিমুক্ত নাগরিক সেবা দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আমি কোনো নাগরিককে কষ্ট দেব না। আমার এখান থেকে কেউ কষ্ট পেয়ে চলে যাবে, এটা আমার কাম্য নয়।”
তিনি দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।